ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাব্বির রহমানের দুরন্ত বোলিংয়ের পর ব্যাটে দারুণ জবাব বিসিবি একাদশের। ইংলিশদের ৪ উইকেটে ১৩৭ রান করার পর ৫০-এর বেশি রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন বিসিবির দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও সৌম্য সরকার।
দুইদিনের এই ম্যাচটির প্রথম দিন পরিত্যক্ত হয়েছিল আউটফিল্ড বৃষ্টিতে ভেজা থাকার কারণে। তাই আজ ম্যাচ হচ্ছে ৪৫ ওভারের। টস জিতে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ১৩৭ রান করে ইংল্যান্ড একাদশ। ম্যাচে অতিথিদের আউট হওয়ার তিন উইকেটই তুলে নেন সাব্বির। অপর ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হন।
সাব্বিরের নেওয়া তিনটি উইকেটের মধ্যে একটি টেস্টে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের(২)। অন্য দুটি আলোচিত তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদ(১৬) ও অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর(২৪)।
সাব্বিরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে ধরা পড়েন হাসিব। এরপর রুটকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আর মঈনের উইকেটটি নিয়েছেন কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ বানিয়ে। রিটায়ার্ড আউট হওয়া ডুকেট করেন ৫৯ রান।







