মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে সমালোচিত সাব্বির রহমান আবারও আলোচনায়। গুঞ্জন, আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ফেরানো হতে পারে বাংলাদেশের ওয়ানডে দলে! বিসিবির শৃঙ্খলা কমিটি যদিও সাব্বিরের শাস্তি কমায়নি। ৬ মাসই বহাল রেখেছে।
শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া সাব্বিরের শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ১ মার্চ। তার আগে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শাস্তি না কমলেও সাব্বিরকে বিবেচনায় রাখার আলোচনা বিস্ময় জাগিয়েছে।
বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস-চেয়ারম্যান শেখ সোহেল সাব্বির বিষয়ক প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘সাব্বিরকে দলে নেয়ার এখতিয়ার একমাত্র বোর্ড প্রেসিডেন্টের আছে। উনি যদি মনে করেন নিউজিল্যান্ড সফরে দলের পারফরম্যান্সের জন্য দরকার, তাহলে তিনি এটা করতে (শাস্তি কমিয়ে) পারেন দলের স্বার্থে। তবে আমাদের দেয়া শাস্তি ৬ মাসই আছে। সংবাদ সম্মেলন করে তার শাস্তির ব্যাপারে আপনাদের (মিডিয়া) যেটি জানিয়েছিলাম, সেটিই আছে। এখন পর্যন্ত শাস্তি কমেনি। বোর্ড সভাপতি যদি তার শাস্তি কমান সেটি ভিন্ন কথা।’

বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে ওয়ানডে দিয়ে শুরু হবে কিউইদের সঙ্গে টাইগারদের মাঠের লড়াই। ওয়ানডে সিরিজের জন্য বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে বাংলাদেশের স্কোয়াড। সিদ্ধান্ত শেষ পর্যন্ত কী হল, সেটি হয়ত জানা যাবে নির্বাচকদের সংবাদ সম্মেলনেই।
বিপিএলে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে মাশরাফী বিন মোর্ত্তজার আস্থা ফিরে পেয়েছেন সিলেট সিক্সার্সের হয়ে খেলা সাব্বির। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের ইতিবাচক মন্তব্যের পর সাব্বিরকে ঘিরে নতুন প্রত্যাশার পালে বাড়তি হাওয়া লেগেছে।
সাব্বিরের ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে নিষিদ্ধ হওয়ার আগে ছিল ফর্মহীনতা। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে শাস্তি পেয়েছেন বেশ কয়েকবার। ব্যক্তিজীবনে কতটা পাল্টেছেন সাব্বির সেটি নিয়ে মন্তব্য করতে চাননি মাশরাফীও। তবে সাব্বিরকে ঘিরে প্রত্যাশা যে অনেক উঁচুতে, সেটি প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের সামনে।
‘এখনও বলার মতো কিছু বলব না (সাব্বিরের আচরণে পরিবর্তন নিয়ে)। তবে শেষ ম্যাচে আমাদের সাথে যে ইনিংসটা (৫১ বলে ৮৫) খেলেছে, যখন জাতীয় দলে নেয়া হয়েছিল, ওর যে এই সামর্থ্য আছে এমন টাইপের ক্রিকেট খেলতে পারার, সেজন্যই। ওর থেকে আসলে প্রত্যাশা অনেক। আশা করি ও সেভাবেই খেলা চালিয়ে নেবে।’
সাব্বির নিউজিল্যান্ড যাচ্ছেন কি না সেটি জানা যাবে আজ সন্ধ্যাতেই। বুধবার কিউই সফরের দল দেবেন নির্বাচকরা।








