‘আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে রায়’ দেওয়ার অভিযোগ এনে সাবেক তিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাবেক সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার একটি আবেদন করা হয়েছে।
বুধবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে আইনজীবী ইউনুছ আলীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার রায় দেন সাত বিচারপতির আপিল বিভাগ। ওই রায়কে ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ বলে তৎকালীন সাত বিচারপতির বিরুদ্ধে ইউনুছ আলী আদালত অবমাননার অভিযোগ এনে আবেদনটি করেছেন।
যে সাত সাবেক বিচারপতির বিষয়ে আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (পরবর্তীতে প্রধান বিচারপতি), বিচারপতি ওবায়দুল হাসান(পরবর্তীতে প্রধান বিচারপতি), বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারাতি মো.আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো.নূরুজ্জামান।







