অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আগামী ১৭ ফেব্রুয়ারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসিকিউসন পক্ষের আবেদনের শুনানি শেষে ট্র্যাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও মহিতুল হক এনাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন।
সাবেক মেয়র আতিকুল ইসলাম ছাড়াও ১৭ ফেব্রুয়ারী অপর যে পাঁচ আওয়ামী লীগ নেতাকে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোঃ বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
এদিকে, প্রসিকিউসন পক্ষের আরেক আবেদনে উত্তরা এলাকার সাবেক পুলিশ কনস্টেবল হোসেন আলীকে আগামী ১৬ ফেব্রুয়ারী একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ট্র্যাইব্যুনাল।
আজ ভিন্ন আরেক আবেদনে উত্তরা এলাকার একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।
প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফারুক হোসেন ও তারেক আব্দুল্লাহ।







