অ্যালেক্সিস সানচেজের সঙ্গে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলও আর্সেনাল ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, সব জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডেই থাকছেন তিনি। আর্সেনালের সঙ্গে সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতনের নতুন চুক্তিতে সই করছেন ওজিল। এতে তিনিই হতে চলেছেন আর্সেনালের সবচেয়ে দামি ফুটবলার।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ৪২.৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে সই করেন ওজিল। গানারদের জার্সি গায়ে ১১৬ ম্যাচে ২৩টি গোল করেছেন। সঙ্গে ৪৫টি গোলের পাস বাড়িয়েছেন এই মিডফিল্ডার। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওজিল।
ওজিল আর্সেনালে থাকলেও সানচেজকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত আছে। মৌসুম শেষ হওয়ার পর তার বায়ার্ন মিউনিখে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সানচেজ অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি।
চিলির স্ট্রাইকার দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স কাপও খেলতে যাননি। কনফেডারেশনস কাপের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে গেছেন।
যদিও কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, সানচেজকে কোনও অবস্থাতেই বিক্রি করবেন না। তার বিশ্বাস, শেষ পর্যন্ত আর্সেনালেই থাকবেন সাবেক বার্সেলোনা তারকা।








