সাত মাস ধরে নিখোঁজ রয়েছেন ধামরাই হার্ডিঞ্জ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম (৩২)। পরিবারের সদস্যদের অভিযোগ, শফিকুল ইসলামকে অপহরণ করা হয়েছে। অপহরণের সাত মাস পার হওয়ার পরেও পুলিশ শফিকুল ইসলামকে উদ্ধার করতে পারেনি। ঘটনার পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলমগীর নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়। আলমগীর জামিনে বের হয়ে এসে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
২০১৫ সালের ৫ জুলাই ধামরাই হার্ডিঞ্জ স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম বালিথা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। এখন পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এতোদিনেও তিনি উদ্ধার না হওয়ায় সাংবাদিক সম্মেলন করেছে তার পরিবার। বিকেলে ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের শিক্ষক শফিকুল ইসলামের নিজ বাড়িতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শাফিকুল ইসলামের বাবা তোফাজ্জল হোসেন, মা সরিপন ও ভাই শহিদুল ইসলাম।






