নব্বই দশকের জনপ্রিয় শিল্পী জুয়েল আবার গান নিয়ে এসেছেন। বাপ্পা মজুমদারের সুর, সংগীত পরিচালনা ও প্রযোজনায় হাসান আবিদুর রেজা জুয়েলের দশম একক অ্যালবামের সিডির মোড়ক খোলা হলো আজ বৃহস্পতিবার। অ্যালবামের নাম ‘এমন হলো কই’। জুয়েল এখানে চারটি মৌলিক গান গেয়েছেন। গানগুলোর কথা লিখেছেন শাহান কবন্ধ। পাশাপাশি একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন। আজ দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, পার্থ মজুমদার, আলিফ আলাউদ্দিন, রাশীদ খান, রিয়াদ হাসান, গীতিকার জুলফিকার রাসেল, শাহান কবন্ধ প্রমুখ।
আবিদুর রেজা জুয়েল বলেন, ‘আমি ছোটবেলায় রবীন্দ্রসংগীত গাইতাম। পরে আধুনিক গানে চলে আসি। তখন মনে হয় এই গানের গভীরতা ও বাণী বুঝতাম না। এখন কিছুটা হলেও বুঝতে পারি। তাই এই প্রচেষ্টা। যদিও প্রথাগত ভাবে রবীন্দ্রনাথের গান গাওয়ার ব্যাপারে আমার ভিন্ন মত রয়েছে। আমি গানের বাণী, সুর যথাসাধ্য ঠিক রেখে খোলা গলায় গাওয়ার পক্ষে।’
বাপ্পা মজুমদার বলেন, ‘জুয়েলের কাছে আমি ঋণী। তার হাত ধরে আমার গানের জগতে প্রবেশ। একদিন তিনি আমাকে নিয়ে গেলেন বেতার জগতে। বললেন, “আমার ছোট ভাই বাপ্পা। খুব ভালো গান গায়।” তিনি এত জোর দিয়ে বললেন যে এরপর বেতার জগতের মালিক আমাকে গাওয়ার সুযোগ দিলেন। আর তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের (BEE EMMZ WORKSTATION) প্রথম অ্যালবামটাই হাসান আবিদুর রেজা জুয়েলের। আমি নিজ উদ্যোগে করেছি। খুবই ভালো লাগছে।’
জুয়েল আরও বলেন, ‘এই অ্যালবাম বাপ্পা নিজ উদ্যোগে করেছেন। কোনো বাণিজ্যিক সাফল্য বা লাভের চিন্তা না করেই। দারুণ কিছু গান লিখছে শাহান কবন্ধ। এটা আমার জন্য খুব সম্মানের। আমি দারুণ আপ্লুত বাপ্পার ভালোবাসায়।’
২০১০ সালে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে জুয়েলের ‘দরজা খোলা বাড়ি’ নামে ৯ম একক অ্যালবাম বের হয় লেজার ভিশন থেকে।









