সাত ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় রাজধানীতে আরেক স্কুল ছাত্রী নিহত হলো। বিকেল ৫টায় শাহবাগে বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। ছাত্রীর নাম খাদিজা সুলতানা মিতু। সে কুমিল্লার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। মেয়েটি বোনের বাসায় বেড়াতে এসেছিলো।
বিকেলে শিশুপার্ক থেকে রাস্তা পার হওয়ার সময় পঞ্চম শ্রেণীর ছাত্রী খাদিজা সুলতানা মিতুকে একটি বাস চাপা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত মিতুর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জে। দুর্ঘটনার আগে মিতু তার এক আত্মীয়ের সঙ্গে শিশু পার্ক বেড়াতে এসেছিলো।
এর আগে সকাল ৯টায় সুপ্রিম কোর্ট এলাকায় মৎস্য ভবনের সামনে বাস চাপায় নিহত হয় স্কুল ছাত্রী সাবিহা। সে সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়ে ওই এলাকা অবরোধমুক্ত করে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।







