সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাবের থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এসংক্রান্ত রিটে রাষ্ট্র পক্ষের করা মডিফিকেশন আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আজকের আদেশ পাওয়ার ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে টাস্কফোর্সকে হাইকোর্টকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং পরবর্তী আদেশের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বিভিন্ন বাহিনী বা সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজিব। আর সাগর রুনির মামলা বাদী পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।








