সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় র্যাবের কাছে থাকা তদন্তের দায়িত্ব পিবিআই’র কাছে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
এই মামলায় বাদী পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেয়া হয়েছে। মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের রোমান আইনজীবী নিয়োগের বিষয়টি রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের জানান। এসময় আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই মামলায় ধারাবাহিকতায় যে দুজনের ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে তাদের শনাক্ত করতে হবে। এছাড়া র্যাবের কাছে থাকা এই মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়ার আবেদন করা হবে।
গত ২১ সেপ্টেম্বর সারাদেশের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যে ১১১ বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচারকাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে। কেননা সময়ের আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায়।’
এই মামলাটি এখনো বিচারের মুখ না দেখাকে ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে উপহাস বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। ‘মো. জিল্লুর রহমান এবং অন্যান্য বনাম বাংলাদেশ’ শীর্ষক রিটের পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য সর্বশেষ ১১১ বার সময় নেওয়া হয়েছে।








