ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। কিছুদিন পরপর শোবিজের শিল্পী, নির্মাতাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ ভেরিফায়েড হতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ এবার জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহানের ব্যক্তিগত ফেসবুক যাচাই বাছাই করে স্বীকৃতি দিল।
যার ফলে সাগর জাহানের আইডির পাশে দেখা যাচ্ছে নীল বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন। নির্মাতা সাগর জাহান চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ (মঙ্গলবার) সকালে ফেসবুক কর্তৃপক্ষ আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফায়েড করে দিয়েছে। কিছুদিন আগেই ভেরিফায়েড করার জন্য আবেদন জানিয়েছিলাম।
জাহিদ হাসান অভিনীত আরমান ভাই, মোশাররফ করিম অভিনীত ‘সেকান্দার বক্স’, ‘চুপ ভাই কিছু ভাবছে’ এর মতো জনপ্রিয় সব নাটক নির্মাণ করেছেন জাগর জাহান। এর আগে এই নির্মাতার দুটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। নতুন এই ফেসবুকটি ব্যবহার করছেন গত বছরের আগস্ট থেকে, যেখানে ফলোয়ার্স রয়েছে ১০ হাজারের বেশি।
বর্তমান ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফায়েড হওয়ায় সাগর জাহান বলেন, এখন অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারবো। ফেসবুক নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। কোনটা আমার সত্যিকারের আইডি ভক্তরা তা সহজেই বাছাই করতে পারবেন। আর ফেক অ্যাকাউন্টগুলোও বন্ধ হয়ে যাবে। ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে ভেরিফায়েড করার জন্য।
বর্তমানে সাগর জাহান রয়েছেন কক্সবাজার। সেখানে তিনি মোশাররফ করিমকে নিয়ে ‘মাহিনের লাল ডায়েরি’ নামের নাটকের শুটিং করছেন। আগামী ঈদে এই নাটকটি প্রচারিত হবে বলে জানা যায়।
ছবিঃ শিথিল রহমান








