মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফল মেনে নেয়া প্রসঙ্গ ওঠায় সাক্ষাৎকারের মাঝখানেই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন তার নির্বাচনী প্রচারণা বিষয়ক ম্যানেজার কেলিয়্যান কনওয়ে।
নির্বাচনে হারলেও ফলাফল মেনে নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবারের তৃতীয় এবং সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জানান, এখন এ ব্যাপারে কিছুই বলবেন না তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের প্রসঙ্গ ধরে ‘নির্বাচনের ফলাফল ট্রাম্প আদৌ মানবেন কিনা’ – কেলিয়্যানকে সিএনএনের ডানা ব্যাশ প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়েই হঠাৎ সাক্ষাৎকার থামিয়ে চলে যান।
অবশ্য সাক্ষাৎকারের প্রথমদিকে কেলিয়্যান বলেন, “ট্রাম্প অবশ্যই নির্বাচনের ফল মেনে নেবেন। কেননা তিনিই জিতবেন।”
“তিনি (ট্রাম্প) খুবই দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থার কথা বলেছেন,” বলেন কেলিয়্যান, “ট্রাম্প এমন একটি ব্যবস্থার কথা বলেছেন যেখানে জনগণ মনে করে হিলারি ক্লিনটন ও তার ধনী বাহিনীর মতো ভেতরের লোকেরাই সব সুবিধা ভোগ করেন।”
গত সপ্তাহ জুড়েই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচারণার কাজে থাকা দল বারবার দাবি করে এসেছেন, নির্বাচনী ব্যবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক ‘কারচুপি’র সুযোগ রয়েছে। এজন্য তারা গণমাধ্যম, সম্ভাব্য ভোটার জালিয়াতিসহ বিভিন্ন বিষয়কে দায়ী করেছেন।
শেষ দিনের বিতর্কেও ট্রাম্প বলেছেন, গণমাধ্যম জনগণের মনকে তার বিরুদ্ধে বিষিয়ে তুলছে।








