বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও তারকা তিনি। খেলোয়াড় সাকিবে অনুপ্রাণিত ভবিষ্যত প্রজন্ম। সাকিবের জন্মস্থান মাগুরার মেয়ে দিশা বিশ্বাস নেতৃত্ব পেয়েছেন বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের।
যুব বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকা যাওয়ার আগে দিশা সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই উজ্জীবিত করে (নিজের এলাকার বলে)। সাকিব ভাই ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্লেয়ার। আমাদেরও স্বপ্ন উনার মতো হওয়ার। জানি না কতটুকু কী করতে পারবো। তবে সত্যিই অনেক উৎসাহ যোগায় ভাইয়া অনেক কিছু করেছে আমাদেরও কিছু করতে হবে। তার পথ অনুসরণ করেই আমাদের সামনে যেতে হবে।’
মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে রোববার রাত সাড়ে ৯টায় জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়বে জুনিয়র টাইগ্রেস টিম। শনিবার মিরপুরের একাডেমি মাঠে হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক।
‘ভালো টিম হয়েছে। আমি আমার দল নিয়ে খুব খুশি। ভালো একটা কিছু হবে। ভালো একটা রেজাল্ট আসবে। এর মানে চ্যাম্পিয়ন… এরকম কিছু না। আশা করবো বা চেষ্টাও করবো সবাই ভালো কিছু করার। ভালো খেলার চেষ্টা ও স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট নিয়ে দেশে ফেরার লক্ষ্য আমাদের।’

নারী জাতীয় দলের বড় শক্তির জায়গা স্পিন ইউনিট। সালমা-নাহিদা-রুমানা-ফাহিমার মতো দক্ষ স্পিনার রয়েছেন সিনিয়র দলে। দিশার কাছে জানতে চাওয়া হয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের বড় শক্তি কী।
‘আমি মনে করি সব। এখানে আমরা আলাদা করে এরকম বা ওরকম বলছি না। যেটা আছে দারুণ। সবাই যদি এক হয়ে ভালো করতে পারে টিম রেজাল্ট পাবে। ওভারঅল সব কিছুই ভালো। তারপরও যদি বলি আমাদের অলরাউন্ডার বেশি দলে। পেস বোলিং অলরাউন্ডার বেশি, আমি নিজেও যেমন পেস বোলার। বাইরের উইকেট এমন, পেস বোলাররা সুবিধা পাবে আমি মনে করি। সব দিকেই আমরা গ্যাপ পূরণ করেছি এখন গিয়ে যদি ভালো খেলতে পারি।’
‘আমাদের দুজন লেগ স্পিনার আছে, অফস্পিনার আছে। বাঁহাতি স্পিনার টিমে নেই। তবে আমি কমতি মনে করছি না। যা আছে তা দিয়ে কাভার করতে পারবো। ভালো অলরাউন্ডার থাকলে শক্তি বাড়ে।’
উনিশের হাত ধরেই বাংলাদেশ পেয়েছিল প্রথম বিশ্বকাপ। ২০২০ সালে সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপ জেতে আকবরবাহিনী। একই জায়গায় যুব মেয়েদের প্রথম বিশ্বকাপ। সেখান থেকেও অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন দিশা, ‘ভাইয়ারা যেখান থেকে সাকসেস হয়ে এসেছে আমাদেরও পরিকল্পনা বা চিন্তা-ভাবনা আছে যে ভাইয়ারা যেহেতেু পেরেছে আমরাও পারবো।’
দিশা জাতীয় দলে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি তার। ১৫ সদস্যের এই দলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটার আছেন তিনজন-লেগ স্পিনার রাবেয়া খান, পেসার মারুফা আক্তার ও ওপেনার দিলারা আক্তার। বাংলাদেশ দলে বিকেএসপির ক্রিকেটারই ১২জন।
টি-টুয়েন্টি সংস্করণে হবে মেয়েদের প্রথম যুব বিশ্বকাপ। নতুন বছরের প্রথম দিন রওনা হবে দল। স্বাগতিক দল ও ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে দিশাবাহিনী।
আগামী ১৪ জানুয়ারি বেনোনিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ছেলেদের যুব বিশ্বকাপের মতো মেয়েদের এই আসরেও অংশ নেবে ১৬টি দল। পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ দুটি শহরে ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সে আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।







