সাকিব আল হাসান এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ক্রিকেটার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে।
আর সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোন জায়গায় সে দাঁড়াতে পারে।
শুক্রবার দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন: এ পর্যন্ত চারটি বিভাগ চূড়ান্ত করা হয়েছে। রোববারের মধ্যে তিনশো আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে তিনশো আসনেে প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন: বিএনপি আসবে না এটি উড়িয়ে দেয়া যায় না। তারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারে। তারা নির্বাচনী অভিপ্রায় ব্যক্ত করেছেন।
মনোনয়ন থেকে বাদ পড়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: যাদেরকে বাদ হয়েছে তারা বিজয়ী হতে পারবে না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।







