রংপুর রাইডার্সের ১১০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১০৩ রানে অলআউট সিলেট সুপার স্টার্সের। ব্যাটিংয়ে ৩৩ রানের পর বল হাতেও তিন উইকেট শিকার করে রংপুরের জয়ের নায়ক আজও অধিনায়ক সাকিব আল হাসান। গত ম্যাচটিতেও ম্যাচ সেরা ছিলেন সাকিব।
মুহাম্মদ শহীদ ও রবি বোপারার কৃপণ বোলিং জয়ের পথে ব্যাটসম্যানদের দায়িত্ব সহজ করে তুললেও চরম ব্যর্থতার পরিচয় দিলো দিলশান-মুশফিক-মমিনুলরা। যদিও ১০৩ রানের দলীয় স্কোরে ৭১ রানই এসেছে এই তিনজনের ব্যাট থেকে। বাকি সবার স্কোর এক অঙ্কের। সর্বোচ্চ ২৯ করেছেন মমিনুল হক। এরপর ২৫ ও ১৭ রান এসেছে মুশফিক আর দিলশানের ব্যাট থেকে।
শহীদের অসাধারণ বোলিং প্রতিভা প্রদর্শনের দিনটি তাই স্মরণীয় হলো না তার জন্য। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে চার উইকেট শিকার করেন এই পেসার। রবি বোপারা ১ উইকেটসহ ওভার প্রতি মাত্র ২ রান দেন তার ৪ ওভারে।
রংপুরের আরাফাত সানী, সুচিত্রা সেনানায়েকে, থিসারা পেরারা এবং জেপি ডুমিনি একটি করে উইকেট নেন। সম্ভাবনাময় তারকা আবু জায়েদ দুইটি উইকেট পান।






