বিআরবি ক্যাবলস বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মাশরাফির কুমিল্লা ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে সাকিবের রংপুরকে।মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইমরুল কায়েসের ৬৭ ও আসহার জাইদীর ১৫ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান করে কুমিল্লা।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে দারুণ সূচনা এনে দেন ইমরুল কায়েস ও লিটন দাস। ওপেনিং জুটি থেকে আসে ৭৯ রান। পাওয়ার প্লের প্রথম ছয় ওভার কাজে লাগিয়ে ৪৬ রান সংগ্রহ করেন তারা। দলীয় ৭৯ ও ব্যক্তিগত ২৮ রানে লিটন দাস আউট হলেও থেমে থাকেননি ইমরুল। ৩৫ বলে ছয়টি চার ও একটি ছয়ে তুলে নেন ফিফটি।
পেরেরার বলে কট এ্যান্ড বোল্ড হবার আগে ৪৮ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৭ রান করেন তিনি। দলের রানের গতি আরো বাড়াতে ওয়ান ডাউনে খেলতে নামেন অধিনায়ক মাশরাফি। বিগ হিট করতে গিয়ে মাত্র ১ রানে সাকিব দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি।
রংপুর রাইডার্সের বোলার থিসারা পেরোরা দ্রুত পাঁচটি উইকেট তুলে নিলে রানের গতি খানিকটা কমে যায় কুমিল্লার।
শেষ দিকে আসহার জাইদীর ১৫ বলে চারটি চার ও দু’টি ছয়ে ৪০ রান দলকে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।






