সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে উদারনীতিক প্রার্থী মুন জে-ইনকে বেছে নিয়েছে দেশটির জনগণ। আলোচনার মাধ্যমে নর্থ কোরিয়ার সাথে চলমান সমস্যার সমাধানের নীতিতে বিশ্বাস করেন ডেমোক্রেটিক পার্টির এই নেতা। কারাগারে থাকা সদ্যবিদায়ী প্রেসিডেন্ট পার্কের কাছে ২০১২ সালের নির্বাচনে খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন মুন।
মঙ্গলবার ভোট গণনা শেষে দেখা গেছে মুন পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট। নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ প্রার্থী হং জুন-পাইয়ো পেয়েছেন ২৩ দশমিক ৩ শতাংশ ভোট।
দুর্নীতির কারণে অপসারিত সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হেই এর শূন্যস্থান পূরণে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৩ জন প্রার্থী। নর্থ কোরিয়ার সঙ্গে সাউথ কোরিয়ার সম্পর্কের বৈরিতা এবং সাউথ কোরিয়ার অর্থনৈতিক অনিশ্চয়তার জন্য এ নিবার্চনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট পার্ক বর্তমানে কারাগারে আছেন। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বারাবর অস্বীকার করে আসছেন।
নির্বাচনে কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতা মুন জে-ইন তাকে জয়ী করার আহ্বান জানিয়ে বলেছিলেন, এতে করে পার্কের অপসারণের পর জাতীয় পর্যয়ে যে বিভাজন হয়েছে তার সমাধান হবে । ভোট দেয়ার দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি মনে করি আমি এবং আমার পার্টিই শুধু মরিয়াভাবে সরকারে পরিবর্তন চাই না বরং জনগণও চায়।







