মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রাপ্ত আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনা আবেদন (রিভিউ) আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
আপিল বিভাগের ৩ এপ্রিলের প্রকাশিত কার্যতালিকার ১৪৭ নাম্বারে রয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আবেদনটি।
সাধারণত রিভিউ আবেদন কার্যতালিকায় আসার পর রিভিউ শুনানি শুরু হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০১৬ সালের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছিলেন সাইদীর আইনজীবীরা।
আর একই বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
সে আদেশের বিরুদ্ধে পরে রিভিউ করেন সাঈদী ও রাষ্ট্রপক্ষ।






