সাইকেল চালাতে গিয়ে হাত ভেঙ্গে ফেলেছেন পপ গায়ক এড শিরান। অন্তত সপ্তাহ খানেক অবসর কাটাতে হবে এ পপ তারকাকে। সোমবার সকালে লন্ডনের রাস্তায় সাইকেল চালাতে গিয়ে ডান হাত ভেঙে গেছে তার।
নিজের ইনস্টাগ্রামে ভাঙা হাতের ছবি সহ এক লেখায় তিনি লিখেছেন, ‘বাইসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছি আমি। আপাতত আমাকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হচ্ছে কিছুদিন’। তিনি জানিয়েছেন, হাত ভাঙার কারণে সামনের কিছু শো-তে তিনি নাও থাকতে পারেন।
এ বছর বেশ লম্বা শিডিউল নিয়ে চলতে হচ্ছে এই গায়ককে। দম ফেলবার একদমই সময় পাচ্ছেন না তিনি। গানের পাশাপাশি এই বছর তাকে দেখা গেছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ এ অতিথি চরিত্রেও । আর বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার তৃতীয় অ্যালবাম ‘ডিভাইড’। প্রথম সপ্তাহেই আগের সব রেকর্ড ভেঙে অ্যালবামটির ৪ লাখ ৫১ হাজার কপি বিক্রি হয়ে যায়। অ্যালবামের প্রচারের জন্য এ বছর অনেকগুলো দেশে ঘুরতে হয়েছে তাকে। সামনে আরও ১৪টি সফর ঠিকঠাক হয়ে আছে। এর মধ্যে নভেম্বরের ১৯ তারিখ মুম্বাই এবং ২৩ তারিখ দুবাই ভ্রমণের কথাও আছে। তাই হাত ভেঙে খানিকটা বিপাকেই পড়ে গেলেন তিনি।
সংগীত দুনিয়ায় এড শিরানের আবির্ভাব ২০১১ সালে। সে বছর মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘প্লাস’ আর ২০১৪ তে এসে ‘মাল্টিপ্লাই’। যোগ,গুণ আর ভাগের সরল অংক গেয়ে ঈর্ষণীয় খ্যাতির চূড়ায় অবস্থান করছেন এ গায়ক। বিবিসি।








