জোড়া খুনের মামলায় গ্রেফতার সাংসদপুত্র বখতিয়ার আলম রনির দ্বিতীয় দফা রিমান্ড শুনানি ২৪ জুন। আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম আমিনুল হক।
রোববার বিকেলে এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস রনির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। রনি বর্তমানে কাশিমপুর কারাগারে আটক আছেন।
তার মা পিনু খান সরকারদলীয় সাংসদ ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে গাড়ি থেকে গুলি ছুড়লে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাকিম ১৫ এপ্রিল এবং ইয়াকুব ২৩ এপ্রিল মারা যান।
এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন।
তদন্ত করে ডিবি পুলিশ এই জোড়া খুনের ঘটনায় রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে শনাক্ত করে।
গত ৩১ মে প্রথমে ইমরানকে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ওই দিন রাতেই রনিকে গ্রেফতার।







