দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার আসামি, উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত নেতা কে এম নাছির উদ্দিনকে হাইকোর্টের দেয়া জামিন ২ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার জামিন স্থগিতের এই আদেশ দেন। এর আগে গত ১৩ এপ্রিল হাইকোর্ট থেকে কে এম নাছির ৬ মাসের জন্য জামিন নেন।
পরে ওই জামিন আদেশ শাহজাদপুর বিচারিক আদালতে জমা দেয়ার পর বিচারক তা মঞ্জুর করেন।
এরপর গত ৩০ এপ্রিল রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করেন। সে আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় তার স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র মিরু ও তার সহোদর মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগ নেতা নাছিরসহ ১৮ এবং অজ্ঞাত আরো প্রায় ২২ জনসহ মোট ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।







