আরও একটি নতুন আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে সালমান খানকে। সাংবাদিককে মারধোরের ঘটনায় আদালতে তলব করা হয়েছে অভিনেতাকে।
মঙ্গলবার এএনআই’র তরফ থেকে জানানো হয়, ২০১৯ সালে এক সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন সালমান। এরপর সালমানের নামে অভিযোগ করেছিলেন সাংবাদিক অশোক পাণ্ডে। ২০১৯ সালে আইপিসি-র ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। আর এই কারণেই আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। ৫ এপ্রিল তাকে কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।
সাংবাদিকের দেয়া তথ্যমতে, ২০১৯ সালের ২৪ এপ্রিলের ঘটনা ছিল সেটি। সালমান তার দুই বডি গার্ডের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন। সেই সময় গাড়িতে ক্যামেরাপার্সনদের সাথে ছিলেন অশোক। সালমানের বডিগার্ডদের অনুমতি নিয়েই তিনি ভিডিও করতে শুরু করেন। কিন্তু সেই সময়ে হঠাৎ রেগে যান সালমান। আর অভিনেতার বডিগার্ডরা এসে মারধর করেন অশোককে। সালমান সাংবাদিকের মোবাইলও কেড়ে নেন। পরে পুলিশের হেল্পলাইনে ফোন করার ভয় দেখালে ফোন ফেরত দেন বডিগার্ডরা।
অশোক নিজের অভিযোগে জানান, পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।










