অসম্ভব বলে কিছু নেই।
সেটি আরেকবার প্রমাণ করলেন ৯৯ বছর পেরিয়ে ১০০ বছর বয়সে পড়া অস্ট্রেলিয়ান সাঁতারু জর্জ কোরোনস। প্রবল ইচ্ছাশক্তি আর মানসিক দৃঢ়তার জোরে এই বয়সে ৫৬.১২ সেকেন্ডে ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সাতার শেষ করার বিশ্বরেকর্ড গড়েছেন। গত বুধবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এই কীর্তি গড়েন কোরোনস।
কুইসল্যান্ডে আনুষ্ঠানিক এই ইভেন্টে ১০০-১০৪ বছর বয়সী গ্রুপে সাঁতরান কোরোনস। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জন হ্যারিসন ৫০ মিটার ফ্রিস্টাইল শেষ করেছিলেন কোরোনসের চেয়ে ৩৫ সেকেন্ড বেশি সময় নিয়ে।
![]()
কোরোনসের বয়স ৯৯+। অর্থাৎ তিনি একশ বছরে পড়েছেন। সেটি পূর্ণ হবে সামনের এপ্রিলে। যার কারণে ১০০-১০৪ বছরের গ্রুপে সাঁতরানোর সুযোগ পান। এই গ্রুপে আর কোনো প্রতিযোগী ছিল না। তাই তিনি একাই সাঁতরান।
অস্ট্রেলিয়ার ডলফিনস সুইম টিম তাদের ফেসবুক পেজে কোরোনসের সাঁতারের ছবি পোস্ট করে লিখেছে, ‘চোখরে সামনে সৃষ্টি হওয়া ইতিহাসের সাক্ষী হলাম।’
কোরোনোসের কীর্তি এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। অস্ট্রেলিয়া সুইমিং ফেডারেশন জানিয়েছে, আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের যাচাই-বাছাইয়ের অপেক্ষায় আছেন তারা।
আগামীকাল শনিবার রাতে কোরোনস ১০০ মিটার ফ্রিস্টাইলেও রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়েছেন। এই রেকর্ডটিও হ্যারিসনের দখলে।
হ্যারিসনের রেকর্ড ভাঙার ব্যাপারে কোরোনস আত্মবিশ্বাসী, ‘আমি জানি আমি তরুণ নই। মন বলছে আমি খুব ভালোভাবেই এগিয়ে যেতে পারব।’










