ব্রাজিল জাতীয় দলের ইমেজসত্ত্ব থেকে অনৈতিকভাবে অর্থ আয় করার অভিযোগে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে আটক করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির মামলায় আরো কয়েকজনের সঙ্গে গ্রেফতার হয়েছেন তার স্ত্রীও। মঙ্গলবার স্প্যানিশ পুলিশ কাতালুনিয়ার নর্থ ইস্টার্ন থেকে তাদের গ্রেফতার করে।
৫৩ বছর বয়সী রোসেল ২০১০ সালে বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার আগে লম্বা সময় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে কাজ করেছেন। ব্রাজিলের সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে কর ফাঁকি দেয়ার অভিযোগের ভিত্তি পেয়েই আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়।
সিবিএফের সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো টেইেজেরা (১৯৮৯-২০১২) এবং ব্রাজিল ফুটবলের আরো কিছু কর্মকর্তাও একই ঘটনায় জড়িত বলে তদন্তে উঠে এসেছে। স্প্যানিশ পুলিশ ও এফবিআইয়ের যৌথ তদন্তে অভিযুক্তদের নাম আসে।
নিজের কোম্পানি আইল্যান্তো মার্কেটিংয়ের মাধ্যমে ব্রাজিল দলের বিভিন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করতেন রোসেল। যার জন্য অতিরিক্ত কমিশন নেওয়ার অভিযোগের ভিত্তি মিলেছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেন্সিয়াল জানাচ্ছে। চুক্তিতে কমিশনের মাধ্যমে নেওয়া অতিরিক্ত অর্থের কথা উল্লেখ থাকত না। পারস্পরিক সমঝোতায় রোসেল সেই অর্থ হাতিয়ে নিতেন।
রোসেলের বিপক্ষে আর্থিক অনিয়মের অভিযোগ অবশ্য নতুন নয়। বার্সেলোনার প্রেসিডেন্ট থাকার সময় ২০১৩ সালে নেইমারকে সান্তোস থেকে ন্যু ক্যাম্পে আনার সময়ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব কারণে স্প্যানিশ প্রসিকিউটরের অফিস রোসেলসহ অন্য অভিযুক্তদের পাঁচ বছরের জেলের দাবি জানিয়েছে।








