বর্তমান সরকারের মেয়াদের শেষ সময়ে একনেকে রেকর্ড সংখ্যক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ৮৬ হাজার ৬৮৭ কোটি টাকা ব্যয় ধরে ৩৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে এত বেশি প্রকল্প অনুমোদন দেয়া হয়নি।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সরকারের এই মেয়াদে আর নাও বসতে পারে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
রোববার সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সন্ধ্যার পর প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন: একনেক সভায় ৩৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৬ হাজার ৬৮৬ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৬৬ হাজার ৪৬৬ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে ৩১৩ কোটি ২১ লাখ টাকা ও ১৯ হাজার ৯০৭ কোটি ২৩ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।
সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।







