সুপ্রিম কোর্টের সামনের গ্রিক দেবীর ভাস্কর্যটি প্রধানমন্ত্রী বা সরকারের নির্দেশে সরানো হয়নি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধান বিচারপতি নিজের উদ্যোগে গ্রিক দেবী অপসারণের ব্যবস্থা করেছেন। এখানে সরকারের কোন কৃতিত্ব নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র এই নেতা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ বরকত উল্লাহ বুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন।
মওদুদ বলেন, গতকাল প্রধান বিচারপতি প্রায় সকল সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেছিলেন, তিনি সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন। প্রায় সকল আইনজীবীই বিচারপতিকে ভাস্কর্যটি ন্যায়বিচারের প্রতীক অর্থবহন করছে না জানিয়ে অপসারণের পরামর্শ দিয়েছেন। এরপরই প্রধান বিচারপতি সেটি অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নিজে সে দায়িত্ব গ্রহণ করেন বলে দাবি করেন মওদুদ আহমদ।
অনুষ্ঠানে মওদুদ সরকারের কঠোর সমালোচনা করেন। বলেন, সরকার সবদিক থেকে ব্যর্থ হয়ে বেপরোয়া আচরণ করছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করে নির্যাতন করছে। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বেআইনি তল্লাশি চালিয়েছে, বিরোধী দলকে জনসভা করতে দিচ্ছে না।
তিনি বলেন, এমন একটি সময় দ্রুত আসবে যখন জনসভার জন্য আমাদের কোন অনুমতি লাগবে না।
তিনি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দাবি করে বলেন, সরকারের আজ্ঞাবহ কমিশন দিয়ে একদলীয় নির্বাচন করতে চায়। কিন্তু এদেশে তা আর হতে দেয়া যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে।
মওদুদ আন্দোলনের কোন বিকল্প নেই দাবি করেন। বলেন, আমরা অনেক চেষ্টা করেছি সমঝোতার। কিন্তু আওয়ামী লীগ একটি উগ্রবাদী দল। তারা কোন সমঝোতা মানবে না। আন্দোলন ছাড়া তাই আমাদের কোন বিকল্প পথ নেই।








