২৫ নভেম্বরের সমাবর্তনকে সামনে রেভে নয়নাভিরাম সাজে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন আড়াই হাজার শিক্ষার্থী।
সমাবর্তন উপলক্ষে প্লাকার্ড, ফেষ্টুন, ব্যানারে ছেয়ে গেছে পুরো বিশ্ববিদ্যালয়। সঙ্গে রঙ-বেরঙের আলোকসজ্জা ও প্যান্ডেলতো আছেই। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞানপত্র তুলে দেবেন।
এরমধ্যে ১৫ জনকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইটি ও একজনকে পিএইচডি ডিগ্রি দেয়া হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য গোল্ড মেডেল প্রাপ্ত ১৪জন শিক্ষার্থীও থাকবেন সমাবর্তনে।
১৯৯০-৯১ বর্ষ থেকে শিক্ষাকার্যক্রম শুরুর পর খুলনা বিশ্ববিদ্যালয়ে ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০১০ সালের ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিত সমাবর্তনের দীর্ঘ চার বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থী পাশ করেছেন তাদেরকে এই সমাবর্তনে অভিজ্ঞানপত্র প্রদান করা হবে।






