ফরিদা পারভীন। বাংলাদেশের স্বনামধন্য কন্ঠশিল্পী। তিনি মূলত পল্লীগীতি গেয়ে থাকেন। বিশেষ করে লালনসংগীতের জন্য তিনি বেশি জনপ্রিয়। বৃহস্পতিবার তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে। চ্যানেল আই কার্যালয়ে কথা হলো তার সঙ্গে।
কেমন আছেন?
ভালো আছি।
সামনে তো কুষ্টিয়ায় লালন উৎসব। কোন বিশেষ প্ল্যান আছে উৎসব নিয়ে?
বরাবরের মতো এবার কোনো বিশেষ প্ল্যান নেই উৎসবকে ঘিরে। কারণ, আমি দেশে থাকছি না। ৬ অক্টোবর (শুক্রবার) আমি চলে যাচ্ছি মরক্কোতে। সেখানে ‘সুফি ফেস্ট’ এ অংশ নিতে।
মরক্কোর সুফি উৎসব নিয়ে যদি কিছু বলেন…
উৎসবটা হবে ১৪-১৭ তারিখ পর্যন্ত। হিজরি ১৩০০ সাল থেকে এই উৎসব হয়ে আসছে। বাঁশি, তবলা, ঢোলক, দোতরা অর্থাৎ দেশীয় যেসব বাদ্যযন্ত্র আছে শুধু সেসব ব্যবহার করে সেখানে গান গাইতে হবে। এবার আমার পুরো টিম নিয়ে অনুষ্ঠানে অংশ নিচ্ছি।
দেশীয় ফোক গানে পশ্চিমা বাদ্যযন্ত্রের ব্যবহারকে কিভাবে দেখেন?
আমি মনে করি এটা কোনো দোষের বিষয় নয়। বাদ্যযন্ত্রের ব্যবহার যদি গানের মূল ধাঁচটা নষ্ট না করে তাহলে ঠিক আছে।
এই সময়ের পছন্দের কোনো ফোক শিল্পী আছে?
সত্যি কথা বলতে কি, আমি কখনও আশান্বিত হই আবারও কখনোবা আশাহত হই। সমসাময়িক কেউ আমাকে তেমন একটা মুগ্ধ করতে পারেনি। আমি মনে করি, তাদের আসলে অনেক বেশি সাধনার প্রয়োজন।
আপনার পছন্দের কোন ফোক শিল্পী?
আমার গুরুজি লালন সাঁইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি শাহ আব্দুল করিমের গান শুনে মুগ্ধ হয়েছি। তার গান আমি এখনও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি।
এবার লালন উৎসবকে মিস করবেন না?
হ্যাঁ অবশ্যই মিস করবো। আমি প্রতিবছর চেষ্টা করি এতে অংশ নিতে। কিন্তু এবার তো সম্ভব হচ্ছে না। তবে লালন উৎসবের জন্য আমার শুভ কামনা সবসময় থাকবে।
ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য…
আপনাকেও ধন্যবাদ।
ছবি: জাকির সবুজ










