আন্তর্জাতিক

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল অস্ট্রেলিয়ার সংসদ

অস্ট্রেলিয়ার সংসদে সমলিঙ্গের বিয়ের বৈধতা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সংসদে সমলিঙ্গের বিয়ের বৈধতা ঘোষণা উপলক্ষে উদযাপনরত সংসদ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সমলিঙ্গের মধ্যে বিয়ের রীতিকে অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার সংসদ। বৃহস্পতিবার দেশটির সংসদে বিতর্কের পর এই বিলের অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ বিতর্ক চলছিল।

গত অক্টোবরে সরকার পরিচালিত একটি জরিপে দেশটির সংখ্যাগরিষ্ঠ নাগরিক সমকামী বিয়ে বৈধ করতে নিজেদের রায় দেয়। এরপরেই বিষয়টি নিয়ে আইন পাশ করানোর প্রক্রিয়া শুরু হয়।

গত সোমবার সংসদীয় বিতর্কে অংশ নিয়েছিলেন দেশটির লিবারেল পার্টি ও সংসদের নিম্ন কক্ষের সদস্য টিম উইলসন। সেসময়ই তিনি তার পার্টনারকে বিয়ের প্রস্তাব দেন, আর তাতে সহাস্যে রাজি হয়ে যান রিয়ান বলগার। এসময় অন্যান্য সংসদসহ স্পিকারের অভিনন্দনে সিক্ত হন এই জুটি।

গত সপ্তাহে সিনেট বিলটি গ্রহণ করে। ধর্মের ভিত্তিতে যারা সমলিঙ্গের বিয়ের পক্ষে নয় তাদের সুরক্ষায় প্রস্তাবিত সংশোধনীগুলো বাতিল করে দেওয়া হয়।

সমলিঙ্গের বিয়ের বিল পাসের পর হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর পাবলিক গ্যালারিতে ব্যাপক উল্লাস হয়। এই বিল পাসের ফলে অস্ট্রেলিয়ায় বিয়ের সংজ্ঞাতে আমূল পরিবর্তন আসবে। এই আইনটির বিরোধিতা করেছিলেন পাঁচজন আইনপ্রণেতা।

বিষয়টি নিয়ে আইন সংশোধনে দেশটিতে দীর্ঘ দুই মাস ধরে ভোট গ্রহণ করা হয়। এতে দেশটির ৮০ শতাংশ নিবন্ধিত ভোটার অংশ নেন। তাদের মধ্যে ৬২ শতাংশ আইন সংশোধন করে সমলিঙ্গের বিয়ে বৈধ করার পক্ষে রায় দেন।

তবে বিয়ের ক্ষেত্রে সমতার এ আইন পাস হলেও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে তা কার্যকর করতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বিয়ে নিবন্ধন সংস্থাগুলো।

বিষয়:অস্ট্রেলিয়া সমলিঙ্গের বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…