কনফেডারেশন্স কাপে নিজ দেশের সমর্থকদের নিয়ে বেশ বিপাকে আছে রাশিয়া। ইতিমধ্যে ‘নিরাপত্তার স্বার্থে’ কিছু রাশিয়ান সমর্থকের আইডি বাতিল করা হয়েছে।
২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এটি করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক দেশ রাশিয়া।
এই সমর্থকরা ‘রাশিয়ান সকার ফ্যান ইউনিয়নের’ সদস্য। গত বছর ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসহ দুটো টুর্নামেন্টে তাদের সমর্থক আইডি বাতিল করা হয়। এমনকি পরবর্তীতে ফ্রান্সে তাদের আর ঢুকতে দেয়া হয়নি।
২০১৬’র ইউরো কাপে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচেও এই সমর্থক গ্রুপটির সঙ্গে অন্যদের হাতাহাতির ঘটনা ঘটে। সে সময়ই রুশ সরকার সিদ্ধান্ত নেয়, সমর্থকদের আলাদা আইডি কার্ড তৈরি করা হবে। তখন থেকেই টিকেট কেনার সময়ও এটি ব্যবহার করতে হচ্ছে।
এর মধ্যে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রায় তিনশ সমর্থকের নাম কালোতালিকাভুক্ত করা হয়েছে।








