চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে পাঁচ গোল করে রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরও যদি বিদ্রুপের শিকার হতে হয় তাহলে মন তো খারাপ হবেই। তাই প্রথম গোল করার পর ঠোটে আঙ্গুল চেপে গ্যালারির দিকে বার্তা দেন তিনি। এরপর ম্যাচ শেষে রিয়াল সমর্থকদের কাছে তার আর্জি, তারা যেন সিআর সেভেনের এই কর্মের মূল্য দেন।
বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম লেগে ২-১ গােলে জয়ের পর মঙ্গলবার রাতে ঘরের মাঠে ৪-২ গােলে জেতে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে বাভারিয়ানদের ৬-৩ ব্যবধানে হারায় লস ব্ল্যাঙ্কোসরা।
বায়ার্নের বিপক্ষে প্রথার্ধে তেমন জ্বলে উঠতে পারেননি রোনালদো। এসময় গ্যালারি থেকে বেশ কিছু দর্শক তাকে নিয়ে বিদ্রুপ করে।
ম্যাচ শেষে ‘এন্টেনা থ্রি’ চ্যানেলকে রোনালদো বলেন, ‘আমি শুধু বলব বার্নাব্যুতে আমাকে যেন বিদ্রুপ করা না হয়। প্রত্যেকটা ম্যাচেই আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এমনকি যদি গােল না করতে পারি অন্যদের সাহায্যের চেষ্টা করি।’
রিয়ালের খেলা নিয়ে রোনালদো বলেন, ‘কোন সন্দেহ নেই যে, আজকের রাতে আমরাই সেরা ছিলাম। বায়ার্নের মতো দলের বিরুদ্ধে ৬টা গােল করা মুখের কথা না।’
প্রথম দল হিসেবে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বলেও জানান পর্তুগীজ সুপারস্টার।







