প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপর দুই সরকারের প্রায় দশ বছর মেয়াদে দেশের সার্বিক উন্নয়নকে মূল্যায়ন করার ভার ঐক্যফ্রন্টের নেতাদের ওপর ছেড়ে দিয়ে বলেছেন, দেশের মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার গণভবনে সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া সংলাপের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, আমি এটা বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিব। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চলল। আমরা এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি; সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। দিনবদলের যে সূচনা করেছিলাম, সেই দিন বদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে প্রতিফলিত হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। কোন দেশে কোনকালে একমতের অবস্থান গণতান্ত্রিক রাষ্ট্রে নেই। গণতন্ত্র মানে মতভিন্নতা। কিন্তু এই মতভিন্নতা কোনভাবেই দেশের স্বার্থের বাইরে বা দেশের উন্নয়নের বিরুদ্ধে নয়। প্রধানমন্ত্রী এই সত্য কথাটিই উচ্চারণ করেছেন। দেশ টিকে থাকলেই রাজনীতি। সুতরাং রাজনীতি নিয়ে এমন কোন অবস্থানের অবকাশ নেই যেখানে দেশের স্বার্থ বিঘ্নিত হবে।
আমরা চাই আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর শুভ বুদ্ধির উদয় হবে। সকল কোটারি স্বার্থ ছাড়িয়ে যেন দেশের স্বার্থ বড় করে দেখা হয় চলমান এই সংলাপে। যেহেতু সংলাপ জাতীয় সংকট উত্তরণের একটি মাধ্যম, আমরা চাই এই মাধ্যমটি যাতে মাঠে মারা না যায়। এই সংলাপের মধ্য দিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়।









