আপনার ব্যবহ্নত স্মার্টফোনটি নকল বা রেপ্লিকা নয়তো? কারণ ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে যত স্মার্টফোন বিক্রি হয়েছে, তার ২.৬৪ শতাংশই ছিল নকল বা রেপ্লিকা ফোন। যেসকল ব্র্যান্ডের ফোন সবচেয়ে বেশি নকল করা হয়, তার মধ্যে শীর্ষে আছে স্যামসাং।
স্মার্টফোনের বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম অ্যানটুটু সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
অ্যানটুটুর এ প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নকল ফোনের বাজারে ৩৬.২৩ শতাংশ ডিভাইসই স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোনগুলোর রেপ্লিকা বা কপি। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। নকল ফোনের বাজারে নকল আইফোনের দখলে আছে ৭.৭২ শতাংশ শেয়ার। তালিকার পরের তিনটি অবস্থানে আছে যথাক্রমে শাওমি (৪.৭৫ শতাংশ), অপো (৪.৪৬ শতাংশ) এবং হুয়াওয়ে (৩.৪০ শতাংশ)।
নকল ফোনের বাজারে জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে আবার প্রথম চারটি মডেলই স্যামসাংয়ের। এগুলো হলো যথাক্রমে গ্যালাক্সি এস৭ এজ ইউরোপিয়ান সংস্করণ, গ্যালাক্সি এস৭ এজ চীনা সংস্করণ, গ্যালাক্সি এস৭ ইউরোপিয়ান সংস্করণ এবং ডব্লিউ ২০১৬ ফ্লিপ ফোন।

পঞ্চম অবস্থানে আছে আইফোন ৭ প্লাস এবং ষষ্ঠ অবস্থানে আছে স্যামসাংয়ের নতুন ফ্লিপ ফোন ডব্লিউ ২০১৭। নকলের দিক থেকে শীর্ষ দশটি মডেলে আরও আছে ওয়ানপ্লাস থ্রিটি, শাওমি এমআই৫ এবং গ্যালাক্সি এস৮ প্লাস।
মূলত এসব নকল ফোন দেখতে যেমন হুবহু একই রকম, তেমনি ফিচারেও দৃশ্যমান কোনো পার্থক্য থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে এসব রেপ্লিকা ফোন নামে বিক্রি হলেও আসল বলে নকল ফোন বিক্রির ঘটনাও নেহায়েত কম নয়। অভিজ্ঞ কেউ না হলেও নকল ফোন শনাক্ত করাও অনেক ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে।








