সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০১৪’ প্রতিবেদনে এ কথা জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে অঙ্গীকার রক্ষা করেছে বাংলাদেশ সরকার। ২০১৪ সালে বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডও হয়নি। এছাড়াও বলা হয়েছে সন্ত্রাসবাদ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামগুলোতে পুরোপুরি সক্রিয় রয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস প্রতিরোধে বৈশ্বিক জোটের অংশীদার না হলেও এদের মোকাবিলায় বাংলাদেশ সরকার দরকারি সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। এছাড়াও অর্থ পাচারসহ সন্ত্রাসীদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ এবং স্থল, সমুদ্র ও আকাশসীমা দিয়ে সন্ত্রাসীদের প্রবেশ করতে না দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।






