কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন নোবেল (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরও ৫ জন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নোবেল পুর্ব-বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পুর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থলে আছি। বিষয়টি খতিয়ে দেখছি। তবে প্রাথমিকভাবে জমি বিরোধে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।









