থিলান সামারাবিরার জায়গায় ব্যাটিং পরামর্শক হিসেবে অভিজ্ঞ মার্ক ও’নিলকে নিয়ে এসেছে বিসিবি। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে চুক্তিটা আপাতত দীর্ঘমেয়াদে নয়। কাজে সন্তুষ্ট করতে পারলেই সৌম্য-মুশফিকদের ব্যাটিং কোচ হিসেবে তার সঙ্গে স্থায়ী চুক্তি করবে বোর্ড।
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন শ্রীলঙ্কান সাবেক সামারাবিরা। বছর না ঘুরতেই চাকরি হারিয়েছেন তিনি। ব্যাটিংয়ে তেমন কিছু্ই বদলে দিতে পারেননি অনভিজ্ঞ এই কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর তাকে ডাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৫৮ বছর বয়সী ও’নিলের সঙ্গে চুক্তি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘তার সঙ্গেও একই ধরনের চুক্তি আমাদের। বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করবেন জাতীয় দল ও বিসিবির অন্যান্য দলের সঙ্গে। তার অধীনে ক্রিকেটারদের উন্নতি দেখলে দীর্ঘমেয়াদি চুক্তিতে আমরা যেতে পারি। ও’নিল নিয়োগ পেয়েছেন গতকাল। রোববার থেকে কাজ শুরু করবেন তিনি।’
বৃহস্পতিবার বাংলাদেশে এসে শুক্রবার চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন ও’নিল। শনিবার সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে প্রধান কোচ চণ্ডিকা হাথরুসিংহের সঙ্গে লম্বা বৈঠক করেছেন তিনি। দুজনের আলোচনা সকাল থেকে গড়িয়েছে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।
খেলোযাড়ি জীবনটা মসৃণ ছিল না। তবে কোচ হিসেবে সুখ্যাতি আছে ও’নিলের। অজি ক্রিকেটারদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্বও পালন করেছেন।

ও’নিল সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন অস্ট্রেলিয়ার কিছু নামকরা ক্রিকেটারের ব্যক্তিগত ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করে। যাদের মধ্যে মাইকেল স্ল্যাটার, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, প্রয়াত ফিলিপ হিউজের নাম অন্যতম।
খেলোয়াড়ি জীবন ছিল ১০ বছরের। জাতীয় দলের হয়ে খেলতে না পারার আক্ষেপ নিয়েই গেছেন অবসরে। খেলেছেন ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ, আর ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ। মিডিয়াম পেস বোলিংও করতেন। বাবা নর্ম ও’নিল ছিলেন টেস্ট ক্রিকেটার, খেলেছেন ৪২টি টেস্ট।










