বিনোদন

সত্যজিৎকে উৎসর্গ করা সিনেমাটি ঈদের পর মুক্তি

সত্যজিৎকে উৎসর্গ সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎকে উৎসর্গ সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্রের ছবি এবং সিনেমার শিরোনাম দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাকে ট্রিবিউট করে প্রসূন রহমান নির্মাণ করেছেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের স্বাধীন চলচ্চিত্র। গেল বছরেই সম্পন্ন করেছেন শুটিং। মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমাটির বর্তমান অবস্থা জানালেন নির্মাতা।

‘প্রিয় সত্যজিৎ’ এর নতুন দুটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রসূন জানিয়েছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত আমাদের চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে।’

এসময় তিনি জানান, ‘পরিকল্পনা ছিল ২মে সত্যজিৎ এর জন্মদিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার। কিন্তু একই সময়ে ঈদ উদযাপনের সময় হওয়ায় মুক্তির তারিখ পেছানো হচ্ছে। আশা করছি ঈদের পরপর নিকটবর্তী যে কোনো সময় চলচ্চিত্রটি আলোর মুখ দেখবে।’

নিজস্ব অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে প্রসূন আগেই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, ‘সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে নেটফ্লিক্স তাদের ট্রিবিউট জানিয়েছে ‘রে’ সিরিজ নির্মাণ করে। সত্যজিৎ রায়ের নিজের শহর কলকাতা থেকেও নির্মিত হয়েছে আরো দুটি চলচ্চিত্র। সত্যজিৎ এমন একজন নির্মাতা, তার পরবর্তী সময়ে বহু তরুণ ও স্বাধীন নির্মাতারা যার কাজের দ্বারা প্রভাবিত। বিশেষত উপমহাদেশের স্বাধীনধারার নির্মাতারা সত্যজিৎ দ্বারা অনুপ্রাণিত। জন্মশতবর্ষে তাকে নিয়ে বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই নিজ উদ্যোগে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই ‘প্রিয় সত্যজিৎ’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা করি।’

প্রসূন জানান,‘এটি কোনো বাণিজ্যিক সিনেমা নয়। বা তেমন উদ্দেশে এটি নির্মাণ করছি না। সত্যজিৎ ছিলেন একজন প্রভাবশালী নির্মাতা, এবং তার পৈতৃকভিটা কিশোরগঞ্জে। সব মিলিয়ে একজন নির্মাতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতেই সিনেমাটি নির্মাণের উদ্যোগ।’

গত বছর কিশোরগঞ্জের মসূয়া’য় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধূরীর বাড়িসহ আরো দুটি জায়গায় এবং পুরান ঢাকার একটি বাড়িতে শেষ হয়েছে এর চিত্রধারণের কাজ। গল্পসূত্র হিসেবে জানা যায়, এর কাহিনী ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সাথে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক আবিস্কার করে, সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্র্রিলজি’র সাথে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। আবিস্কার করে নির্মাণের আড়ালে থাকা নির্মাতার অজানা অধ্যায়। যেখানটায় আলো পড়েনা কখনো।

প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরো কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

বিষয়:আহমেদ রুবেল এহসানুল হক নুসরাত জাহান নদী পংকজ মজুমদার প্রসূন রহমান প্রিয় সত্যজিৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…