কোটা সংস্কার বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে আন্দোলনরত ২০ শিক্ষার্থী। সেখানে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ১১ প্রতিনিধির সঙ্গে দেখা করে তাদের দাবির বিষয়ে কথা বলবেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক হাসান আল মামুনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের প্রথমে ধানমন্ডি ৩ নম্বরের আওয়ামী লীগের কার্যালয়ে যাবার কথা ছিল।
সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে কথা বলে আলোচনা শেষে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এরআগে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলতে আসে। পুলিশের সঙ্গে কথা বলার বিষয় নিয়ে মামুন বলেন, আমরা পুলিশকে বলেছি টিএসসিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। তারা যেন আমাদের ওপর হামলা না করে। পুলিশ এতে রাজি হয়েছে।
মামুনসহ আরেক জনের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ছবি তুলে রেখেছে পুলিশ।
এরআগে ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের হামলার বিষয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীরা এমন নির্মম হামলা করতে পারে না। তারা উপাচার্যের রাতের খাবার পর্যন্ত ফেলে দিয়েছে। গাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে, সব জিনিস পত্র পুড়িয়ে দিয়েছে, তারা কারা? হামলাকারীরা কম্পিউটার, সিসি টিভির প্রমাণাদি নষ্ট করে দিয়েছে। এতে বুঝা যায় তাদের ভেতরের আসল কারা কাজ করছে। এমনকি তারা চারুকলার প্রস্তুতির জন্য বানানো সব জিনিসপত্র মুখোশ পরে হেলমেট পড়ে নষ্ট করে দিয়েছে।









