প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আন্দোলনের নামে সংবিধান রচয়িতা ও তাদের জোট কাদের স্বার্থে অসাংবিধানিক দাবি জানাচ্ছে? তারা আসলে নির্বাচন চায় কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কার্য নির্বাহী সংসদ ও সংসদীয় দলের যৌথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন: চোখ থাকিতে যারা অন্ধ, তারাই উন্নয়ন দেখতে পাচ্ছেন না।
নির্বাচন সামনে রেখে দলের উপদেষ্টা কমিটি, কার্যনির্বাহী সংসদ আর সংসদীয় দল নিয়ে যৌথসভায় বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠক থেকে একাদশ জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, প্রার্থীতা চূড়ান্তসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে যারা এতদিন সোচ্চার ছিলো তারাই এখন দুর্নীতিবাজদের নিয়ে জোট গড়েছে।
ঐক্য প্রক্রিয়া কিংবা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোন ধরনের বাধা দেওয়া হচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে, জনগণের ওপরই আমাদের আস্থা আছে।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যরা উপস্থিত আছেন।







