সাধারণত যে কোন চলচ্চিত্র সিনেমা হলে মুক্তির আগেই সেটি দেখার সুযোগ পান সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচকেরা। তাদেরকে ঘটা করে আমন্ত্রণ জানিয়ে প্রযোজনা সংস্থাগুলো আয়োজন করে বিশেষ প্রদর্শনীর। এমন রীতি চলে আসছে বহু বছর ধরে। দেখা যায়, সেই বিশেষ প্রদর্শনীতে ছবিটি দেখে সেটি নিয়ে রিভিউ করেন সাংবাদিক ও সমালোচকেরা। আর সাধারণ দর্শক সেই রিভিউ পড়েই দেখতে যান সেই ছবিটি।
তাহলে প্রযোজনা সংস্থা ও সংবাদমাধ্যমের মধ্যে সম্পর্কের গতিপথটা ঠিক কেমন হওয়া উচিৎ, সাম্প্রতিক সময়ে এ নিয়ে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ডিজনিল্যান্ড ও জনপ্রিয় পত্রিকা লস এঞ্জেলস টাইমসের মাঝে দারুণ এক বিতর্ক চলছে।
ব্যাপারটির সাথে গভীরভাবে সাংবাদিকতার দায়বদ্ধতা ও সেন্সরশিপের মতো ইস্যুর সাথে জড়িয়ে পড়েছে। ডিজনিল্যান্ড তাদের যে কোন ছবির প্রিভিউ শো-তে নিষিদ্ধ করেছে লস এঞ্জেলস টাইমসকে। আর লস এঞ্জেলস টাইমসও ডিজনি থেকে মুক্তি পাওয়া কোন ছবির খবর প্রচার থেকে বিরত থাকছে। এমন কি দিন কয়েক আগে মুক্তি পাওয়া ডিজনির জনপ্রিয় ছবি থর: রাগনারকের কোন খবরই ছাপেনি পত্রিকাটি। এ বছরের সেপ্টেম্বরে ডিজনির ব্যবসার নীতি,নৈতিকতা ও সততা নিয়ে প্রশ্ন তুলে তিন পর্বের প্রতিবেদন ছেপেছিল লস এঞ্জেলস টাইমস। আর তাতেই খেপেছে ডিজনির কর্তারা।
তাদের দাবি ভুয়া এই খবর ডিজনির দীর্ঘদিনের সুনাম নষ্ট করেছে। আর এ নিয়েই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যম। বিবিসি










