ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠের বাইরে চলে যেতে হয় ডিয়েগো গডিনকে। কারণ তার একটু আগেই যে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে কয়েকটি দাঁত হারিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ভ্যালেন্সিয়ার গোলমুখে একটি হেড নিতে লাফিয়ে উঠেছিলেন গডিন। এসময় ব্রাজিলিয়ান গোলকিপার নেতোও বল ধরতে লাফিয়ে ওঠেন। নেতোর কনুইয়ের আঘাতে রক্ত ঝরতে থাকে উরুগুয়ে অধিনায়কের মুখ থেকে।
তাৎক্ষণিকভাবে দর্শকরা আসল ঘটনা বুঝতে পারেননি। পরে স্লো রিপ্লেতে দেখা যায়, গডিনের খসে যাওয়া একটি দাঁত নেতোর জার্সিতে জড়িয়ে আছে। তবে মোট কয়টি দাঁত হারিয়েছেন গডিন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
গডিনের দাঁত হারানো ম্যাচে অবশ্য জয় পেয়েছে অ্যাটলেটিকোই। তারা ফর্মে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে।
এই জয়ে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আর ৫৮ পয়েন্ট নিয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে শীর্ষ থাকা বার্সেলোনা।











