চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। ভোটের পরদিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খান ও মুনমুনের কুশল বিনিময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগ তোলা হয়, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে রাখছেন মুনমুন! সোমবার সন্ধ্যার পর জায়েদ খানের সাথে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন মুনমুন। জায়েদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুনমুন জানান, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকার নোট নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি।







