সাত জন বিচারকের সবাইকে যদি সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে যুক্ত না করা হয় তবে এ মামলা থেকে নিজকে প্রত্যাহার করার চিন্তা করতে পারেন বলে মঙ্গলবারের শুনানিতে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, ‘গত তারিখে প্রধান বিচারপতি বলেছেন, সব বিচারপতিকে যুক্ত করেই এ মামলাটি শুনবেন। আজকে একপর্যায়ে তিনি বললেন, পাচঁজনই শুনবেন। তখন আমি বললাম, আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসেন তবে আমি অনাস্থা দিতে বাধ্য হবো।’
ষোড়শ সংশোধনী মামলার আজকের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ষোড়শ সংশোধনীর মামলায় আজ আমরা আদালতে দুটি দরখাস্ত দাখিল করেছি। একটি দরখাস্ত হলো- হাইকোর্ট বিভাগ তার রায়ে একটি জায়গায় বলেছেন, সংসদ সদস্যদের মধ্যে একটা বিরাট অংশের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে। তাই সংসদ সদস্যদের মধ্যে কারা কারা অপরাধের সঙ্গে যুক্ত এ তালিকা চাওয়ার দরখাস্ত করেছি। আদালত বলেছেন, এগুলো আমরা শুনানির সময় বা রায়ের সময় দেখবো।’
আরেকটি দরখাস্ত হলো- ‘যে দুজন বিচারপতি বাইরে আছেন, তাদেরসহ যাতে শুনানি করা হয়। এ বিষয়টির ওপর আমি জোর দিচ্ছি। যেহেতু এটা সাংবিধানিক ব্যাপার। সেহেতু আপিল বিভাগের সব কয়জন বিচারপতি যাতে শুনানিতে অংশ নেন। এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি, আজও বলছি। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন যাতে শুনানিতে অংশ নেন সেই জন্য তাদের তালিকায় রাখা। ওনারা (বিচারপতিগণ) না আসা পর্যন্ত এবং আমাদের প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেছিলাম। কিন্তু আজও সেটি শুনানি হয়েছে।’
‘গত তারিখে প্রধান বিচারপতি বলেছেন, সব বিচারপতিকে যুক্ত করেই এ মামলাটি শুনবেন। আজকে এক পর্যায় তিনি বললেন, পাচঁজনই শুনবেন। তখন আমি বললাম, সবাই যদি না শুনেন, সবাইকে যদি যুক্ত না করেন তবে আমি হয়ত এ মামলা থেকে নিজকে প্রত্যাহার করার চিন্তাও করতে পারি।’
যদি সাত জন বিচারপতি না থাকেন তাহলে কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘সেই সময় দেখা যাবে।’
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের দ্বিতীয় দিনের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামি ২১ মে দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
পরে সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।
ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।
এরপর হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করে।








