অন্যান্য খেলা

শ্রীলঙ্কায় জুনিয়র অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ

শ্রীলঙ্কায় জুনিয়র অ্যাথলেটিক্সে বাংলাদেশের ব্রোঞ্জ

শ্রীলঙ্কায় হওয়া দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্সের ৪*১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

৪৯ দশমিক ৮২ সেকেন্ডে দৌড় শেষ করেন বাংলাদেশের সোনিয়া, শিউলি, জান্নাতুল ও রুপা খাতুন। ৪৬ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের সোনা জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তেমন সাফল্য নেই বাংলাদেশের। আগের দু’আসরে অর্জন ছিল মাত্র একটি করে ব্রোঞ্জপদক। এবার একাধিক পদক জেতাই তাদের লক্ষ্য। ৫ মে শ্রীলঙ্কার কলম্বোতে বসেছে সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। দক্ষিণ এশিয়ার জুনিয়র (অনূর্ধ্ব-১৮) অ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন ১০ সদস্যের দল পাঠিয়েছে। যে দলে অ্যাথলেট আছেন ৮ জন। দলের সব অ্যাথলেটই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)।

এদিন ৪০০ মিটারের হিটে ৫০ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হওয়া জহির রায়হান পদকের লড়াইয়ে নেমে দৌড় শেষ করতে পারেননি। ৩০০ মিটার অতিক্রম করার পর তিনি ট্র্যাকে পড়ে যান।

এই ইভেন্টের মেয়েদের বিভাগে ১ মিনিট ০৩ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে শিউলি খাতুন সপ্তম হয়েছেন।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন ফিরোজা আক্তার রুপা। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১১ দশমিক ২০ সেকেন্ড সময় নেওয়া হাসান মিয়া পদকের লড়াইয়ে ১১ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হয়েছেন।

বাংলাদেশি অ্যাথলেটের মধ্যে পাঁচজনই নারী। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌড়, লংজাম্প, হাইজাম্প এবং দুটি রিলেতে অংশ নিচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা।

ছেলেদের মধ্যে মো: হাসান মিয়া ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে খেলছেন রূপা খাতুন ও সোনিয়া আক্তার। ২০০ মিটারে দৌড়াচ্ছেন রূপা খাতুন। ছেলেদের ৪০০ মিটারে অংশ নেন জহির রায়হান এবং মেয়েদের এই ইভেন্টে খেলছেন শিউলি খাতুন।

লংজাম্পে জান্নাতুল ও সোনিয়া আর হাইজাম্পে খেলছেন জুলফিকার নাইম জিহান। মেয়েদের চার গুণিতক ১০০ মিটার রিলেতে দৌড়ান রূপা খাতুন, সোনিয়া আক্তার, জান্নাতুল ও শিউলি। এবং চার গুণিতক ৪০০ মিটার রিলেতে রূপা, জান্নাতুল, শিউলি ও আইভি খেলছেন।

বিষয়:লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…