নিধাস ট্রফিতে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের দলে না থাকার অভাবটা ভালভাবেই টের পাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতলেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হারতে হয়েছে টাইগারদের। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার মাঠে থাকলে হয়ত ফল অন্যরকম হতে পারতো।
তবে সাকিব নামক আক্ষেপ মেটার সম্ভাবনা জেগেছে। শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ‘সেমিফাইনালে’ মাঠে নামতে পারেন টাইগার অলরাউন্ডার।
আঙুলের ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। অংশ নিতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে কিছুদিন আগের টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে। একই প্রতিপক্ষের ঘরের মাটিতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও নামা হয়নি। কিন্তু দলের দুঃসময়ে এগিয়ে এসেছেন সাকিব। ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই আবার নেমে পড়তে যাচ্ছেন মাঠে।
শ্রীলঙ্কার বিপক্ষে নিধাস ট্রফির ম্যাচে অংশ নেয়ার ইচ্ছায় এরইমধ্যে উড়োজাহাজে চড়ে বসেছেন সাকিব। বৃহস্পতিবার বিকেলেই দলের সঙ্গে যোগ দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার তার নেতৃত্বেই মাঠে নামতে পারেন মুশফিক-তামিমরা। বিসিবির পক্ষ থেকে তার যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম-ম্যানেজমেন্ট।
গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। পরে বাম হাতে সেলাইও দিতে হয়। এরপর থেকে আর মাঠে নামা হয়নি তার।








