রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলায় শ্রমিকলীগ নেতার মৃত্যুর অভিযোগে রোগীর অভিভাবক ও ইন্টার্নি চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ওই হাসপাতালের ওয়ার্ডে ভাংচুর চালানো হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর এঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টার্নি চিকিৎসকরা তাদের কাজ বন্ধ করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মোশাররফ হোসেন আলোর মৃত্যু হয়। তার বাড়ি মহানগরীর টিকাপাড়া এলাকায়।
তার মৃত্যুর পর রোগী মোশারফের স্বজনরা অভিযোগ করেন, ডাক্তারের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। পরে তারা ওয়ার্ডের এক ইন্টার্নি চিকিৎসককে মারপিট ও ওয়ার্ডে ভাংচুর চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে সকল ইন্টার্নিরা একজোট হয়ে রোগীর অভিভাবকদের উপর হামলা চালায়। এসময় শ্রমিক লীগ নেতার অভিভাবক ও ইন্টার্নি চিকিৎসকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর ইন্টার্নি চিকিৎসকরা ওয়ার্ড ছেড়ে জরুরী বিভাগের সামনে অবস্থান নিয়ে ভাংচুর ও বিক্ষোভ শুরু করেন।










