বিপিএলের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ৩ রানের জয় পেয়েছে খুলনা টাইটানস। খুলনার দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর ইনিংস ১৩০ রানে থেমে যায়।
শেষ ওভারে রাজশাহীর দরকার ছিল ৭ রানের আর হাতে ছিল তিন উইকেট। কিন্তু মাহমুদউল্লাহ বোলিংয়ে এসে মাত্র চার রান দিয়ে তিন উইকেট তুলে নেয়। ফলে তিন রানের জয় দিয়ে বিপিএলের শুভ সূচনা করে খুলনা টাইটান্স। ২ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটসম্যান সোহান (৪), সাব্বির (৪), উমর আকমল (০) উইকেট খোয়ালে সামিত প্যাটেলকে নিয়ে দলের মেরামতে হাত দেন মুমিনুল। কিন্তু ৫৯ রানের মাথায় আসগরের বলে সামিত সাজঘরে ফিরলে দলের বিপদ বাড়ে।
টপ অর্ডারের ব্যাটসম্যান হয়েও দলের প্রয়োজনে ওপেনিং করেছিলেন, বাড়তি দ্বায়িত্বের বোঝা নিয়ে পঞ্চম উইকেটে দলীয় অধিনায়ক ড্যারেন স্যামির সঙ্গে ৫২ রানের মূল্যবান জুটি গড়েন।
জয় থেকে ২৭ রান দূরে থাকতে স্যামি ২৩ বলে তিনটি ছক্কায় ৩১ রান করে প্যাভিলনে ফিরলেও ব্যাট চালিয়ে গেছেন মুমিনুল।
দলীয় ১২০ রানের মাথায় মুমিনুল ৫৭ বলে ছয়টি চারে ৬৪ রান করে শাফিউলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপরেই আর ম্যাচে ফিরতে পারে নাই রাজশাহী।
এরআগে টসে জিতে রাজশাহী কিংসের দুরন্ত বোলিংয়ে মুখে মাত্র ১৩৪ রানেরই ইনিংস শেষ করতে বাধ্য হয়েছে খুলনা টাইটান্স। পেসার আবুল হোসেন রাজুর মারাত্মক বোলিংয়ে দিশেহারা হয়ে যায় পুরো টাইটান শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে সংগ্রহ করে ১৩৩ রান।
খুলনার পক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন মাহমুদুল্লাহ ও রিকি ওয়েসেলস। রাজশাহীর পক্ষে পাঁচটি উইকেট নেন আবুল হোসেন রাজু।








