রাজধানীর কেরানীগঞ্জে জুয়েল রানা নামে এক যুবককে তার শ্বশুর বাড়ির লোকেরা ছুরিকাঘাতে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা।তিনি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেররা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় জুয়েলের মামা শ্বশুর ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসেন। এসময় জুয়েল দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে ছুরি দিয়ে জুয়েলের কোমরে আঘাত করেন তিনি। এরপর জুয়েলের পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের অমতে সাত বছর আগে চম্পাকে বিয়ে করেছিলেন জুয়েল রানা। বিয়ের পরে চম্পার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন জুয়েল। তার শ্বশুরকে এ বিষয় জানালে তারা চম্পাকে নির্দোষ দাবি করে জুয়েলকে দোষারোপ করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।










