অনেকেই মনে করতে পারেন পোষা বেড়াল নিয়ে হয়তো কেউ বেড রুমে বসে মজা করছেন। কিন্তু না, বনের রাজা সিংহকে পোষ মানিয়ে নিজের শোয়ার রুমে লালন পালন করছেন পাকিস্তানের মুলতান শহরের জুলফিকার চৌধুরী (৩৩)।
মাত্র ছয় মাস আগে এ সিংহ শাবককে নিয়ে আসেন তিনি। তারপর থেকেই নিজের শয়ন কক্ষেই অবাধে ছেড়ে দিয়ে লালন পালন করে আসছেন জুলফিকার চৌধুরী।
সিংহ শাবকটির নাম রেখেছেন বাবর। সিংহ বাবরের ওজন এর মধ্যেই ১৬৮ পাউন্ড ছাড়িয়েছে। প্রতিদিন বাবরকে ১৭ পাউন্ডের বেশি মাংস খেতে দিতে হয়।
তবে জুলফিকার চৌধুরী খুব অনায়াসে পালন করে চলেছেন তার বাবরকে। জুলফিকার চৌধুরীর বাংলোর এয়ার কন্ডিশনার কক্ষের রাজকীয় বিছানায় শুয়ে বসে দিন কাটাচ্ছে সিংহ বাবর।
দুই বছরের সন্তান থাকা সত্ত্বেও জুলফিকার চৌধুরী কখনো তার গলায় চেইন পড়ান না। তাকে পোষা কুকুরের মতো বড় করছেন তিনি।
এ বিষয়ে জুলফিকার বলেন, বাবরও আমার সন্তানের মতো। আমি তাকে যখন নিয়ে এসেছিলাম তখন তার বয়স ছিলো মাত্র দুই মাস। বাবরকে এখানে নিয়ে আসা প্রায় ছয় মাস হয়ে গেছে। আমি সিংহ খুব পছন্দ করি।
আমার পরিবারের সবাই বাবরকে দেখে খুব খুশি হয়। তারা সবাই ওকে প্রতিদিন দেখতে আসে। আমাদের সন্তান প্রতিদিন ওর সাথে খেলতে আসে। আমাদের ওপর বাবর আক্রমণ করবে এমনটা আমি কখনো ভাবি না।
জুলফিকার প্রতিদিন সকালে বাবরকে নিয়ে হাটতে বের হোন। তাকে পোষা কুকুরের মতো করেই বড় করছেন জুলফিকার।








