দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। প্রায় তিন লাখ মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দেশের সর্ববৃহৎ এ জামাতে ইমামতি করেন মওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এসময় দেশ ও দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাসব্যাপী সিয়াম সাধনার পর সকালেই আল্লাহর রহমতের আশায় ঈদগাহ মাঠে সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রেওয়াজ অনুযায়ী ঈদের জামাত শুরু হওয়ার ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শটগানের গুলি ছুড়ে ঈদের নামাজ শুরু হয়।
শোলাকিয়ার ঈদের জামাত শুধু দেশের নয় উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত।ঐতিহ্যবাহী এ মাঠটিতে সাধারণ মেহরাব ও একটি তোরণ ছাড়া তেমন কোনও স্থাপনা নেই। তাই টানা বৃষ্টিতে মাঠে কাদা হয়ে যায়। মুসল্লিদেরও বিপাকে পড়তে হয়।
শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন দুই জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করে।
শোলাকিয়া স্পেশাল ট্রেন-১ ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করে।







